২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় দায় স্বীকার করেছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ আবজালুল হক। বুধবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ তিনি রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন।
মঞ্জুরুল বাছিদের নেতৃত্বে গঠিত দুই সদস্যের ট্রাইব্যুনালে আবজালুল জানান, ওই সময় আশুলিয়া থানার ওসি এ এফ এম সায়েদ নিয়মিতভাবে স্থানীয় সাবেক এমপি সাইফুল ইসলামের ফোন নির্দেশে আন্দোলন দমন, বিরোধী পক্ষকে গ্রেপ্তার ও নানা অভিযান পরিচালনা করতেন। ৫ আগস্ট সকালে থানায় যোগ দিয়ে অস্ত্রাগার থেকে পিস্তল ও গুলি নেওয়ার পর তিনি থানার পশ্চিম পাশে দায়িত্বে ছিলেন।
জবানবন্দিতে আবজালুল বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে ওসি সবাইকে থানা প্রাঙ্গণে ডেকে আন্দোলন ঠেকাতে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। দুপুরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে ওসি সায়েদ থানায় ফিরে আসেন।
বিকেল চারটার দিকে ছাত্র–জনতার বিজয় মিছিল থানার সামনে পৌঁছালে, ওসির আদেশে এএসআই বিশ্বজিৎসহ কয়েকজন পুলিশ সদস্য মিছিলে গুলি চালায়। কয়েকজন ঘটনাস্থলেই পড়ে যান। পরে ওসি সায়েদের নির্দেশে নিহতদের লাশ তিন চাকার ভ্যানে তোলা হয় এবং পরে একটি পিকআপে স্থানান্তর করা হয়।
আবজালুল জানান, ওসি সায়েদ, পরিদর্শক মাসুদুর রহমান ও অন্য কর্মকর্তাদের কথাবার্তা শুনে তার সন্দেহ হয়। মনে হয়, তারা লাশ নিয়ে অন্য কিছু করতে যাচ্ছেন। নার্ভাস হয়ে তিনি থানায় ঢুকে সিভিল পোশাক পরে সাধারণ মানুষের মতো বের হয়ে যান। এক পরিচিতের বাসায় গিয়ে রাত কাটান।
তিনি বলেন, ‘১৫ আগস্ট থানায় ফিরে নিজের নামে ইস্যু করা অস্ত্র জমা দিলে জানতে পারেন, গুলিতে নিহত ছয়জনের লাশ ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলেছেন। এক মরদেহ তখনও জীবিত ছিল; তবু আগুন ধরিয়ে দেওয়া হয়।’
আবজালুল জানান, ঘটনার পর কোনো উর্ধ্বতন কর্মকর্তা—তৎকালীন ডিআইজি নুরুল ইসলাম, ঢাকা জেলার এসপি আসাদুজ্জামান রিপন, সাভারের অতিরিক্ত এসপি আব্দুল্লাহিল কাফি বা সাভার সার্কেলের অতিরিক্ত এসপি শাহিদুল—কেউই ব্যবস্থা নেননি। চলতি বছরের মে মাসে গ্রেপ্তার হওয়ার পর তিনি বিবেকের তাড়নায় রাজসাক্ষী হওয়ার আবেদন করেন। জবানবন্দি শেষে আসামিপক্ষ তার আংশিক জেরা করে। আগামীকাল বাকি জেরা হবে।
আশুলিয়ায় ছয়জনকে গুলি করে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনার পর সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়। প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, আগুন দেওয়ার সময় একটি মরদেহ তখনও জীবিত ছিল; এটি ছিল নির্মম ও নৃশংস। মামলায় গ্রেপ্তার আটজনের মধ্যে সাতজন নিজেদের নির্দোষ দাবি করেছেন। একমাত্র এসআই আবজালুল হক নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফি, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান ও কনস্টেবল মুকুল।